৫ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

অনলাইন ডেস্ক

আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সোমবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এতে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় (দুই দিন) বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
এছাড়া সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বইছে। মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ২৪ মিনিটে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ৪৮ মিলিমিটার রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। দেশে সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights