ময়মনসিংহে বিক্ষোভ মিছিল-সমাবেশের অনুমতি চায় জামায়াত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে জামায়াতে ইসলামি বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে মহানগর জামায়াতের কার্যকরী কমিটির সদস্য একেএম আমানুল্লাহ বাদলের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এই আবেদন জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যায়।

লিখিত আবেদনে বলা হয়, আগামী শুক্রবার বাদ জুমা চরপাড়া মোড়ে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চায় জামায়াত ইসলাম। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেফতার নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

মহানগর জামায়াতের প্রচার ও দপ্তর সম্পাদক মো. আল হেলাল তালুকদার জানান, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। সবশেষ ২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে সমাবেশ করা হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর প্রকাশ্যে কর্মসূচি করতে অনুমতি চাওয়া হয়েছে।
এদিকে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, সমাবেশ ও মিছিলের আবেদনটি যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights