ভুল চিকিৎসায় গরু মৃত্যুর অভিযোগ

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুকুরিয়া গ্রামে একটি ষাড় গরু ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী খামারি মো. হোছনের ছেলে শহিদুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্ষুরারোগে আক্রান্ত একটি ষাড় গরু গত ১৭ জুলাই উপজেলা প্রাণীসম্পদ অফিসে নিয়ে আসার সময় গয়ালমারা স্টেশনে কথিত পশু ডাক্তার মো. আব্দুল্লাহর সাথে দেখা হয়। তিনি নিজেকে একজন অভিজ্ঞ পশু ডাক্তার পরিচয় দিয়ে অসুস্থ গরুটি চিকিৎসা করতে পারবে বলে আশ্বস্ত করলে তার নিকট চিকিৎসা করায়।

ওই পশু চিকিৎসক দুই দিন যাবৎ চিকিৎসা করে। তৃতীয় দিন গরুর অবস্থার অবনতি হলে গরুর মালিক শহিদুল ইসলাম উপজেলা প্রাণীসম্পদ অফিসে যোগাযোগ করে এবং দায়িত্বরত একজন পশু চিকিৎসককে সাথে নিয়ে বাড়িতে গেলে গরুটির নাকে-মুখে ফেনাসহ মৃত অবস্থায় দেখতে পায়।
ক্ষতিগ্রস্ত খামারি শহিদুল ইসলাম লিখিত অভিযোগে আরও বলেন, মিথ্যা তথ্য দিয়ে কথিত পশু ডাক্তার আব্দুল্লাহ আমার গরুটি ভুল চিকিৎসা করে মেরে ফেলেছে। এর উপযুক্ত বিচার দাবি করেন তিনি।

অভিযুক্ত পশু চিকিৎসক মো. আবদুল্লাহ জানান, আমি একটি অসুস্থ ষাড় গরুকে ভালো করার জন্য চিকিৎসা করেছি। এতে মারা গেলে আমার করার কিছু নেই। আর আমার ভুল চিকিৎসায় গরুটি মারা গেছে, এ ধরনের কোনো তথ্য প্রমাণ তারা দেখাতে পারলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেবো।

এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ চন্দ্র রায় জানান, মো. আব্দুল্লাহ নামে আমাদের কোনো অনুমতিপ্রাপ্ত বা সনদধারী পশু চিকিৎসক নেই। তবে ঘটনাটি আমিও শুনেছি। উক্ত খামারিকে বুধবার আমার অফিসে আসতে বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights