ঝিনাইদহে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেওয়ার অভিযোগে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা। বুধবার সকাল থেকে জেলা শহরের সবচেয়ে বড় বাজার নতুন হাটখোলার ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করছে। এতে বিপাকে পড়েছে স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক ও জেলা ওষুধ তত্ত্বাবধায়ক নতুন হাটখোলায় অভিযান চালায়। দুটি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করে। সেসময় আশপাশের ব্যবসায়ীরা বিচারকদের অবরুদ্ধ করে। পরে পুলিশ এলে তারা সেখান থেকে চলে যায়।

এ ঘটনায় রাতে ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করে। মামলার পর দুজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সকাল থেকেই ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা। আর এতে চরম বিপাকে পড়েছে বাজার করতে আসা মানুষ।
শহরের আদর্শপাড়া এলাকার বাসিন্দা আম্বিয়া খাতুন বলেন, আমার বাসায় অতিথি এসেছে। এখন বাজার করতে এসে কিছুই তো পেলাম না। এখন কী করি, কোথা থেকে বাজার করি, তা নিয়ে বিপদে আছি।

কেজি কলেজ এলাকার কলেজছাত্র আহসান কবির বলেন, আমরা মেসে ৩৫ জন ছাত্র থাকি। এখন বাজারে এলাম কেনা-কাটা করব বলে। কিন্তু সব দোকান তো বন্ধ। এখন বাজার করতে না পারলে তো সবাইকে না খেয়ে থাকতে হবে।

নতুন হাটখোলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বিনা কারণে ব্যবসায়ীদের নামে মামলা দেওয়া হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাই ব্যবসায়ীরা গ্রেফতার এড়াতে বাজারে আসেনি। ডিসির সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি এই সমস্যার সমাধান করলে ব্যবসায়ীরা আবারো দোকান খুলবে।

এ ব্যাপারে মামলার বাদী ও জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরার সাথে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও কল রিসিভ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights