হিরো আলমকে নিয়ে বিবৃতি: মার্কিন ব্রিফিংয়ে উঠল ১৩ দূতকে তলবের প্রসঙ্গ

অনলাইন ডেস্ক
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়াকে কেন্দ্র করে ১৩ বিদেশি মিশনের দূতকে ডেকে ‘অসন্তোষ জানিয়েছে’ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়টি উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। স্থানীয় সময় বুধবার দুপুরে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর (হিরো আলম) ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩ কূটনীতিককে তলব করা হয়েছে। এর আগে ২০ জুলাই একই কারণে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে তলব করা হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছে। সব পশ্চিমা মিত্র ও উন্নয়ন সহযোগীরাও একই আহ্বান জানাচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার করছে উল্টোটা। তারা রাষ্ট্রদূতদের তলব করছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
জবাবে প্যাটেল বলেন, “একটা বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। তা হলো, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও স্থান নেই। বাংলাদেশের কোনও রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে যুক্তরাষ্ট্র সমর্থন করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights