তারেক-জোবায়দার মামলার রায় ২ আগস্ট

আদালত প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য ২ আগস্ট দিন ধার্য করেছে আদালত। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন।

এর আগে এ মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান, তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের মামলায় রায় ঘোষণার জন্য ২ আগস্ট দিন ধার্য করা হয়েছে। এর আগে গত ১৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে সাক্ষ্য গ্রহন শেষ করে নিয়মানুযায়ী যুক্তি উপস্থাপন হয়।
আদালত সূত্র জানায়, এ মামলার আসামিরা পলাতক থাকায় সাক্ষীদের জেরা করার সুযোগ পাচ্ছেন না তাদের আইনজীবীরা। তারেক ও জোবায়দাকে পলাতক দেখিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের এই মামলার বিচার চলছে।

জ্ঞাত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়ি মারা যাওয়ায় এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights