হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

দীপক দেবনাথ, কলকাতা
প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিবিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। আজ শনিবার বিকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে (উডল্যান্ডস) তাকে ভর্তি করা হয়।

দুপুরের খাওয়া দাওয়ার পর অসুস্থতা অনুভব করেন ৭৯ বছর বয়সী বুদ্ধদেব। যোগাযোগ করা হয় তার পারিবারিক চিকিৎসক কৌশিক চক্রবর্তীর সঙ্গে। এরপরে বালিগঞ্জের পাম এভিনিউর বাড়িতে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়। বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তার সাথে আছেন স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনা ভট্টাচার্যসহ পরিবারের সদস্যরা।

সাবেক এই মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সিপিআইএম নেতা রবিন দেব বলেন ‘তিনি চিকিৎসায় সাড়া দিয়েছেন। আগে থেকে অনেকটাই ভালো আছেন। সাবেক মুখ্যমন্ত্রীর জ্বরও অনেকটা কমেছে।’

হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। রক্তে অক্সিজেনের পরিমাণ অনেকটাই কমে গেছে বুদ্ধদেবের। রক্তে অক্সিজেনের মাত্রা নেমে যায় ৭০ শতাংশ। এরপরই হাসপাতালে স্থানান্তরিত করার বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত সিপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে তাকে। তার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড। গত ৭ দিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights