‘হাওয়া ভবনের দালালদের এ দেশের সম্পদ লুণ্ঠনের সুযোগ নেই’
মাদারীপুর প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা হাওয়া ভবনে থেকেছে এবং সুযোগের সন্ধানে সেখানে যাওয়ার চেষ্টা করেছে সেই হাওয়া ভবনের দালালদের এ দেশের মানুষের সম্পদ লুণ্ঠনের কোনো সুযোগ নেই।
রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর শহরের শকুনি লেক এলাকায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে গণতন্ত্রকে উদ্ধার করেছি। স্বৈরাচারী শাসক এবং সাম্প্রদায়িক শক্তির মদদদাতাদের হাত থেকে এদেশের মানুষের অধিকার আদায় করতে সক্ষম হয়েছি। এই সরকারের নেতৃত্বে আমরা পঁচাত্তরের খুনিদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিচার করতে সক্ষম হয়েছি। আমরা খুনের রাজনীতি, খুনিদের রাজনীতি এবং ঘাতকদের রাজনীতির কবর রচনা করেছি।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল প্রমুখ।
