পাকিস্তানে ভয়াবহ হামলায় কারা জড়িত জানাল পুলিশ

অনলাইন ডেস্ক
পাকিস্তানে একটি ইসলামি দলের রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৫ জন হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তারা মনে করছেন, দায়েস (আইএস) এই হামলা চালিয়েছে।

রবিবার পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) একটি সমাবেশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৩০ জন যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানের এই অঞ্চলের সাথে আফগানিস্তানের সীমান্ত রয়েছে।
জিও নিউজের খবরে বলা হয়েছে, বাজোর এবং পার্শ্ববর্তী এলাকার হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। জেলা পুলিশ কর্মকর্তা নাজির খান বলেন, ‘গুরুতর আহতদের সামরিক হেলিকপ্টারে করে পেশোয়ারের হাসপাতালে নেওয়া হয়।’

খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, তারা এখনও তদন্ত করছেন এবং তথ্য সংগ্রহ করছেন। সন্দেহভাজন তিনজনকে কাস্টডিতে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হামলা বেড়েছে। পাকিস্তান তেহরিক-ই তালেবান বা টিটিপি অনেক হামলা চালিয়ে থাকে। তারা আফগানিস্তানকে ব্যবহার করে হামলা করছে বলে পাকিস্তান সরকারের অভিযোগ। যদিও আফগান সরকার বলেছে, তাদের ভূমি ব্যবহার করে বিদেশিদের মাটিতে হামলার কোনো সুযোগ তারা দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights