চকরিয়ায় ১০ মামলার আসামি বন্দুকসহ গ্রেফতার
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় ১০ মামলার আসামি মো. শাহাব উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার দেওয়া তথ্যমতে ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি দুটি বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ, তিনটি কিরিচ ও দুটি দা।
রবিবার সন্ধ্যায় উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নতুন ঘোনা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শাহাব উদ্দিন ওই এলাকার আবদুল করিমের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গ্রেফতার শাহাব উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া থানায় ১০টি মামলা রয়েছে। সে এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এলাকার লোকজন মুখ খুলতে সাহস পায় না।
তাকে একটি মারামারি মামলায় গ্রেফতার করতে গিয়ে তার ঘরের খাটের নিচ থেকে বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
