জাতির পিতার সমাধিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার পৌনে ২টায় টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বেদির পাশে কিছুক্ষণ নীরবতা পালন করে এ মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্টের কালরাতে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।
পরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত স্থান পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মোজাফফর হোসেন পল্টু, এম জি কিবরিয়া চৌধুরী, উৎপল কুমার সরকার, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
