অভিমান করে দুই সন্তান নিয়ে পুকুরে ঝাঁপ দিলেন গৃহবধূ
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের স্বামীর সঙ্গে অভিমান করে দুই শিশুকে নিয়ে পুকুরে ঝাঁপ দিলেন এক গৃহবধূ। এতে ওই নারী ও ৪০ দিনের কন্যা শিশু মারা গেলেও ৫ বছরের শিশুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার সাড়ে ১০ টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের বেইংগাপাড়ায় এ ঘটনা ঘটে। এতে নিহত গৃহবধূ রুমানা রুমি ওই এলাকার আব্দু রাজ্জাকের স্ত্রী। ৪০ দিনের কন্যা শিশুর কোন নাম রাখেনি। কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় শিশু মোহাম্মদ ইয়াছিনকে (৫)।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, স্বামী সংসারের খাওয়া এবং স্ত্রী-সন্তানদের ভরণপোষণ দিতে ব্যর্থ হওয়ার অভিমানে দুই শিশুসহ এ গৃহবধূ পুকুরে লাফ দেয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ৫ বছরের শিশু ইয়াছিনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর দুইজনকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রুমানা রুমির মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
