সাংবাদিকতাকে বিজ্ঞান হিসেবে বিবেচনা করতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সাংবাদিকতাকে শুধু আর্টস (কলা) হিসেবে বিবেচনা করলে হবে না, এটা একটা সায়েন্সও (বিজ্ঞান) বটে। সাংবাদিকতায় তথ্যকে যাচাই বাছাই ও পরীক্ষায় নিরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, যা বিজ্ঞানেরও অংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘চতুর্থ শিল্প বিপ্লবের যুগে সাংবাদিকতা: বাংলাদেশ ও বাকি বিশ্ব’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বুধবার (০২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। অতিথি বক্তা ছিলেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির গণযোগাযোগ বিভাগের চেয়ারপার্সন ড. মো. আবু নাসের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন।
এসময় উপাচার্য বলেন, সামাজিক বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞান, যাই হোক না কেন, সাংবাদিকতাকে বিজ্ঞান হিসেবে বিবেচনা করলে সংবাদের বস্তুনিষ্ঠতা নিশ্চিত এবং সাংবাদিকরা প্রাপ্ত তথ্যের সবগুলো দিক বিবেচনায় নিয়ে সংবাদ উপস্থাপন করা সক্ষম হবেন।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানুষের সম্পৃক্ততা না থাকলে তথ্যকে ঝাঁপসা করে দেয়। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানুষের সম্পৃক্ততা যত গভীর হবে চতুর্থ শিল্প বিপ্লব তত সফলতার দিকে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights