চট্টগ্রামে ইয়াবার মামলায় দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে কর্ণফুলী থানার ইয়াবার মামলায় এক নারীসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম বড় বেওলা ইউনিয়নের দরবেশকাটা পূর্ব পাড়া চৌকিদার আব্দুর শুক্কুরের বাড়ির আব্দুর শুক্কুর চৌকিদারের স্ত্রী শাহিদা বেগম (৪২) ও একই এলাকার মজিদের পাড়ার মো. বাবুলের ছেলে মো. রিফাত (২০)।

আদালত সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার রাঙ্গাদিয়া সিইউএফএল ১৫ নম্বর ঘাট রোড থেকে ২০২০ সালের ২০ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রিফাত ও শাহিদা বেগমকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডবলমুরিং সার্কেল।

এ সময় রিফাত থেকে ১০ হাজার ইয়াবা ও শাহিদা বেগমের থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টোর উপ-অঞ্চল ডবলমুরিং সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। আসামি বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে ২০২১ সালের ১ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, আটজনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাহিদা বেগম ও রিফাতকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামি রিফাত জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রায়ের সময় আসামি শাহিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights