আইএমএফ’র কিস্তি দিতে কাতার থেকে ঋণ নিচ্ছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ’র ঋণের কিস্তি শোধ করতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের কাছে থেকে ঋণ নিচ্ছে আর্জেন্টিনা। উপসাগরীয় অঞ্চলের দেশটি থেকে ৭৭ কোটি ৫০ লাখ ডলার নেবে লাতিন আমেরিকার দেশটি। শুক্রবার এই ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা।

দেশটির অর্থমন্ত্রী সের্গিও মাসা এই ঘোষণা দিয়ে বলেন, “বাৎসরিক ৪ দশমিক ০৩ শতাংশ হারে সুদের শর্তে আর্জেন্টিনাকে ৭৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিতে রাজি হয়েছে কাতার। সেই টাকা দিয়েই শোধ করা হবে আইএমএফের ঋণের কিস্তি।”

এর আগে সোমবার এক ঘোষণায় সের্গিও মাসা জানিয়েছিলেন, আইএএফের ঋণের কিস্তি পরিশোধে নিজেদের বিদেশি মুদ্রার রিজার্ভে হাত দেবে না সরকার।
প্রসঙ্গত, মূল্যস্ফীতি ভয়াবহ আকার নিয়েছে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপজয়ী দেশ আর্জেন্টিনায়। চলতি বছরের এপ্রিলে দেশটিতে দ্রব্যমূল্য বৃদ্ধির গড় হার ছুঁয়েছে ১০০ শতাংশের কোঠা। এই পরিস্থিতিতে অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার ৯৭ শতাংশ বাড়িয়েছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতি বিশ্লেষকদের মতে, দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এই দেশটিতে ১৯৯০ সালের পর থেকে এই পর্যায়ের মূল্যস্ফীতি আর দেখা যায়নি। এমনকি, আর্জেন্টিনার ইতিহাসে এর আগে কখনও মূল্যস্ফীতির হার ১০০ শতাংশেও পৌঁছায়নি। প্রকৃতপক্ষে, আর্জেন্টিনার আগে বিশ্বের মাত্র দু’টি দেশের মূল্যস্ফীতি ১০০ শতাংশে পৌঁছানোর রেকর্ড পাওয়া যায়— ভেনেজুয়েলা এবং জিম্বাবুয়ে। সূত্র: রয়টার্স, আল মনিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights