কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক বন্দি আসামি মারা গেছেন। মৃত আনোয়ার হোসেন (৬৬) কুমিল্লার মেঘনা থানার বড়ইয়া কান্দি এলাকার মজিদ সরকারের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, ২০০৬ সালে মতিঝিল থানার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ২০১৫ সালের ৯ জানুয়ারি থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন আনোয়ার হোসেন।
সোমবার ভোর পৌনে ৫টার দিকে হঠাৎ কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, অসুস্থ হয়ে পড়লে আনোয়ার হোসেনকে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
