কক্সবাজারে ২ দিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ৭ দিনে শনাক্ত ১২০২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২ দিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্থানীয় ২ জনের মৃত্যু হয়েছে। আর গত ৭ দিনে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১২০২ জনের। এর মধ্যে ৯৭২ জন রোহিঙ্গা এবং ২৩০ জন স্থানীয়।

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে দেয়া এক তথ্য বিবরণীতে এমন বিষয়টি উঠে এসেছে।

প্রাপ্ত তথ্য বিবরণী মতে, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার (৭ আগস্ট) পর্যন্ত কক্সবাজারে মোট ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী ৫ হাজার ৭৬০ জন। যার মধ্যে ৪ হাজার ৮৬৯ জন রোহিঙ্গা ও ৮৯১ জন স্থানীয় রয়েছেন। কিন্তু ৭ দিন আগে ১ আগস্টের দেয়া তথ্য বিবরণীতে দেখা যায়, কক্সবাজার জেলায় মোট ৪ হাজার ৫৫৮ জন ডেঙ্গু আক্রান্ত ছিলেন। যেখানে রোহিঙ্গা ছিলেন ৩ হাজার ৮৯৭ জন ও স্থানীয় ছিলেন ৬৬১ জন।
৭ মাস ৭ দিনে মৃত্যুবরণ করেছে মোট ৬ জন। এর আগে মৃত্যুবরণ করা ৪ জন রোহিঙ্গা হলেও নতুন করে মৃত্যু বরণ করা ২ জনই টেকনাফ উপজেলার বলে নিশ্চিত করেছেন, কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ ফাহিম আহমদ ফয়সাল।

তিনি জানান, কক্সবাজার জেলা সদর হাসপাতালে এই ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ আগস্ট ২০ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়। এই তরুণীর ডেঙ্গু শক সিনড্রম ছিল। ৬ আগস্ট মারা যায় ১৭ বছর বয়সী এক তরুণ। এই তরুণের ডেঙ্গুজনিত মাল্টি অর্গান ফেইলিউর ছিল।

উল্লেখ্য, ২০২২ সালে কক্সবাজারে মোট ১৯ হাজার ২৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। যার মধ্যে ১৫ হাজার ৬৩৬ জন রোহিঙ্গা ও ৩ হাজার ৫৮৫ জন স্থানীয়। এই এক বছরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছিল। যার মধ্যে রোহিঙ্গা ২৬ জন ও স্থানীয় ১৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights