এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রংপুরে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ পেছানো এবং ৫০ নম্বরের পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন সমাবেশ করেন এইচএসসি পরীক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য রাখেন কেরানীহাট কলেজের শিক্ষার্থী মাহিন, রংপুর সরকারি কলেজের বাপ্পী, সাকিব, সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষার্থী ইতি আখতার, সিটি কলেজের নাজমুল, শোভন, মডেল কলেজের শিক্ষার্থী শাকিল, বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের মাইশা, সোহেল, লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাঈম প্রমুখ। এ সময় ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের আটক, হয়রানি এবং পুলিশি বাধার তীব্র নিন্দা জানানো হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের চারটি দাবির মধ্যে রয়েছে- ৫০ নম্বরে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয় এবং পরীক্ষা থেকে আইসিটি বিষয়টি বাদ দিতে হবে। সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।
