কুমিল্লায় ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে মহিন উদ্দিন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল জলিল মিয়ার ছেলে মো. মহিন উদ্দিন (২৮)। হত্যা করা হয় কুমিল্লা সদর দক্ষিণ থানার জয়নগর গ্রামের জুনাব আলীর মেয়ে নাছিমা আক্তারকে (২৪)।

মামলার বিবরণে জানা যায়- মহিন উদ্দিন ও নাছিমা আকতার পূর্ব পরিচিত ছিল। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি লাকসাম থানার গোপালপুর গ্রামের শাহ আলমের বাড়িতে পরিত্যক্ত ঘরে নিয়ে মহিন উদ্দিন নাছিমা আক্তারকে ধর্ষণ করে। নাছিমা প্রতিবাদ করলে গলায় ও মুখে কাপড় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। এ ব্যাপারে ঐদিন নিহতের ভাই ফজলে রাব্বী বাদী হয়ে মহিন উদ্দিনের বিরুদ্ধে লাকসাম থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ২০১৯ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারে আসলে ১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। মহিন উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights