কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় জেসমিন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর মন্ডলপাড়া ওয়াক্তিয়া মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন মিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের জহুরুল মন্ডলের মেয়ে।

মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সবুজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার জেসমিন এবং তার মা মিনা খাতুন ব্যাটারিচালিত ভ্যানে বাড়িতে আসছিলেন। এসময় বাড়ির সন্নিকটে আসলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই জেসমিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় জেসমিনের মা মিনা খাতুনসহ আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরের দিকে স্থানীয় মিরপুর মন্ডলপাড়া মসজিদের নিকট একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস নিহতের লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights