ফতুল্লায় গলায় ফাঁস দিয়ে একজনের ‘আত্মহত্যা’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চিকিৎসার টাকা যোগাতে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে সাহাবুদ্দিন (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে ফতুল্লার গিরিধারা বৌ বাজারস্থ ওবায়দুলের বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহত সাহাবুদ্দিন বরিশাল জেলার কাজিরহাট থানার চর উদাই গ্রামের শারজাহান শিকদারের ছেলে।

নিহতের স্ত্রী সুমা জানান, তার স্বামী গ্রামের বাড়িতে কাঠের ব্যবসা করতেন। ৯ মাস আগে কাঠ পড়ে মেরুদণ্ড ভেঙে যায়। ব্যয়বহুল চিকিৎসা করাতে গ্রামে প্রায় তিন লাখ টাকার মতো দেনা করে। তারা এক মাস আগে গ্রাম থেকে ঢাকা জেলার কেরানীগঞ্জের জিয়া মোড় এলাকায় এসে ভাড়ায় বসবাস শুরু করে। শুক্রবার বিকেলে সে তার স্বামীকে নিয়ে ফতুল্লা থানার গিরিধারা বৌ বাজারস্থ ওবায়দুলের বাড়িতে ভাড়ায় বসবাস করা বড় বোনের বাড়িতে বেড়াতে আসে।
চিকিৎসার টাকার জন্য সেসহ তার স্বামী গ্রামের বিভিন্ন স্বজনদের কাছে ফোন করে টাকা চেয়ে ব্যর্থ হয়। শুক্রবার রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে যায়। পরে সকাল ৭টায় ঘুম থেকে জেগে দেখে বারান্দার গ্রিলের সাথে গলায় গামছা পেঁচানো স্বামী সাহাবুদ্দিনের ঝুলন্ত লাশ।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই কামাল হোসেন জানান, তিনি সংবাদ পেয়ে সকাল সোয়া ১০টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights