নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদীতে ভেসে উঠলো বৃদ্ধের লাশ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ভেসে উঠলো নেদা চন্দ্র মহন্ত নামে এক বৃদ্ধের লাশ।

নিহত নেদা চন্দ্র মহন্ত (৫৫) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার করতোয়া পাড়া গ্রামের মৃত ক্ষিতীশ চন্দ্র মহন্তের ছেলে।

স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন করতোয়া নদীর ত্রি-মোহনী ঘাটে তাকে গোসল করতে দেখে। কিন্তু সন্ধ্যা হওয়ার পরেও নেদা চন্দ্র বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজা-খুঁজি করে জানতে পারে তাকে সর্বশেষ দুপুরে নদীতে গোসল করতে দেখা গিয়েছিল। পরে তাকে না পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রাত ৯টার দিকে উপস্থিত হয়। কিন্তু রাত হওয়ার কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ থাকলেও বৃহস্পতিবার রংপুর থেকে এসে ডুবুরির দল ও ফায়ার সার্ভিস কর্মীরা যৌথভাবে নদীতে সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে দুপুরে ত্রি-মোহনী ঘাট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে চম্পাতলী ঘাট সংলগ্ন এলাকায় নিখোঁজ ব্যক্তির লাশ ভেসে উঠে।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানা ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, করতোয়া নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের ২৪ ঘণ্টা পর তার মরদেহ চম্পাতলী ঘাটে ভেসে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights