শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার রাজধানী

অনলাইন ডেস্ক

শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটা। ভূমিকম্পের পর আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন ওই শহরের বাসিন্দারা। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

তবে এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ ছিল বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ভূমিকম্পের জেরে নিহত হয়েছেন একজন নারী। তবে একজন নিহত হওয়া ছাড়া এই ভূমিকম্প থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) বোগোটার মেয়র ক্লডিয়া লোপেজ বলেছেন, “রাজধানীর দক্ষিণ-পূর্বে এই ট্র্যাজেডি আঘাত হানে এবং সেখানে ভূমিকম্পের সময় এক নারী জানালা থেকে নিচে পড়ে মারা যান।”

লোপেজ বলেন, “এই ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত: ভূমিকম্পের সময় এক নারী ম্যাডেলেনার একটি আবাসিক ভবনের ১০ তলা থেকে লাফ দেন, আর সেটি স্পষ্টতই আতঙ্কের কারণে। আমরা মেডিকেল টিম নিয়ে ওই বাড়িতে যারা আছে তাদের সাথে আছি।” সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights