পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে মারা গেছেন স্ত্রী খাদিজা খাতুন (২৭)।

বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। খাদিজা খাতুন উপজেলার হেমন্তবাড়ি গ্রামের হাসান আলীর স্ত্রী।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার বিকালে স্ত্রী খাদিজার পেটে ও হাতে ছুরিকাঘাত করেন হাসান। পরে গুরুতর আহত অবস্থায় খাদিজাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন হাসান ও পরিবারের লোকজন। কিন্তু পথে খাদিজা মারা গেলে তার লাশ দাদপুর নামক এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে স্বামী হাসানসহ অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।
শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঘাতক স্বামীসহ পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights