যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের পর এখনো নিখোঁজ ১১০০

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের দু’সপ্তাহ পর এখনও নিখোঁজ রয়েছে অন্তত ১১০০ লোক। কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর এএফপির।

এদিকে, এফবিআই মৃতদের দেহাবশেষ শনাক্ত করতে পরিবারের সদস্যদের সহায়তা চাচ্ছে। যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীর মধ্যে হাওয়াইয়ের এ দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১৫ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ কথা জানা গেছে।

পর্যটক শহর লাহাইনায় ১২ হাজার লোকের বসবাস ছিল। এটি এখন মানচিত্র থেকে মুছে গেছে। পুলিশ, রেডক্রসহ বিভিন্ন সংস্থার কাছে থাকা তালিকার হাজার হাজার লোক এখনও নিখোঁজ রয়েছে।
বিশেষ এজেন্ট স্টিভেন মেরিল মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশান (এফবিআই) তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে।

তিনি বলেন, আমরা সকল তালিকা যাচাই বাছাই করছি যাতে সত্যিকারভাবে নিখোঁজদের শনাক্ত করতে পারি। মঙ্গলবার পর্যন্ত এফবিআইয়ের গণনায় ১১শ’ লোকের নিখোঁজের কথা জানা গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। -বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights