ভারতে ১০টি স্বর্ণের বার পাচারের চেষ্টা, আটক ১
অনলাইন ডেস্ক
বাংলাদেশ থেকে ভারতে ১০টি স্বর্ণের বার পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। দক্ষিণবঙ্গ সীমান্তের ৮৬ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা এ ঘটনায় একজনকে আটক করেছে। তার কাছ থেকে জব্দকৃত স্বর্ণ বারগুলোর ওজন ১১ লাখ ৬৪ হাজার ৪৭৫ গ্ৰাম। বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ ৬ হাজার ৯৬৭ রুপি।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিএসএফের গোয়েন্দা শাখা বৈজনাথপুর সীমান্ত চৌকির কোম্পানি কামান্ডারকে জানায় যে, চোরাকারবারি সীমান্ত চৌকি বৈজনাথপুরের এলাকা থেকে সোনা পাচার করতে পারে। সুনির্দিষ্ট তথ্য পাওয়ার সাথে সাথে কোম্পানি কমান্ডার বিএসএফ জওয়ানদের সতর্ক করেন এবং কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) গঠন করেন।
বৈজনাথপুরের সুনির্দিষ্ট এলাকায় বিএসএফের সদস্যরা কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তারা দেখতে পান, বাংলাদেশের দিক থেকে চোরাকারবারিরা আন্তর্জাতিক ব্যারিকেডের ওপর দিয়ে দু’টি প্যাকেট ফেললেন। তা দেখে তৎক্ষণাৎ ঘটনাস্থলের দিকে দৌড়ে পাচারকারীদের চ্যালেঞ্জ করা হয়। যদিও তাদের ধরা সম্ভব হয়নি। পরে ভারত থেকে এক চোরাকারবারি ওই ফেলে দেওয়া প্যাকেট তুলতে আসলে তাকে ধরে ফেলে বিএসএফ সদস্যরা।
জানা গেছে, গ্রেফতার চোরাকারবারির নাম রায়েল মন্ডল, বয়স ২৫ বছর। তার বাবার নাম আব্দুল মন্ডল। তিনি নদীয়া জেলার বৈজনাথপুর গ্ৰামের পিএস মারুটিয়ার বাসিন্দা। বিএসএফের জিজ্ঞাসাবাদে রায়েল মন্ডল জানান, এই স্বর্ণবারগুলো পেয়েছে সিরাজ শেখের কাছ থেকে। তার বাবা আইনরুল শেখ। তারা বাংলাদেশের মেহেরপুর জেলার সোরতলার বাসিন্দা। জব্দ স্বর্ণের বারগুলো নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য করিমপুরের কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
