জমি নিয়ে বিরোধ, নেত্রকোনায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

জমি সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোনার পূর্বধলায় ইদ্রিস আলী (৬৫) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে।

রবিবার রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে নিহতের বাড়ির পাশেই এ হত্যাকাণ্ডটি ঘটে। ইদ্রিস আলী কালডোয়ার গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি বাড়ির অদূরেই সুনীল মার্কেটে পোশাক তৈরির কাজ করতেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরেই ইদ্রিস আলীর সঙ্গে তার সৎ ভাই আক্কাছ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে বিভিন্ন সময় কয়েকদফা দ্বন্দ্ব হয়েছে। আজ রবিবার সন্ধ্যার পর বাড়ির কাছেই মসজিদে নামাজ আদায় করে বাড়িতে আসার পথে প্রতিপক্ষ হামলা করে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে মেয়ে স্ত্রীসহ প্রতিবেশীরা এগিয়ে গেলে কুপিয়ে পালিয়ে যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে জানান, বাড়ির কাছেই মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসার সময় ওরা ওঁৎ পেতে থেকে এই হামলা চালায়। তিনি এমন হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

নিহতের স্ত্রী ফরিদা আক্তার বলেন, আমার তিন মেয়ে ছেলে নেই। তাই জমি দখলের পায়তারা করে যাচ্ছে। আমাদের সকলকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

এদিকে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এটি নৃশংস হত্যাকাণ্ড। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করেছি। আসামি ধরার চেষ্টা চলছে। নিহতের পরিবারকে সহযোগিতা করা হচ্ছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights