জাবিতে আবহাওয়া স্টেশন স্থাপন

জাবি প্রতিনিধি

শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সামনে একটি আবহাওয়া স্টেশন স্থাপন করা হয়েছে। এতে আর্থিক সহায়তা করেছে জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম প্রধান অতিথি হিসেবে এ আবহাওয়া স্টেশন উদ্বোধন করেন।

জানা যায়, জাপান সোসাইটি অব প্রমোশনাল সাইন্সের মাধ্যমে পরিচালিত এ প্রকল্পের আনুমানিক খরচ প্রায় ২০ লক্ষ টাকা। এ প্রকল্পের আওতায় স্থাপিত যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে প্রতি মিনিটে বৃষ্টিপাত বাতাসের দিক বা গতি, তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপ করতে পারবে। এ স্টেশনটি বায়ুমন্ডলীয় পরিস্থিতি পরিমাপ করে স্বয়ংক্রীয়ভাবে সার্ভারে ডাটা জমা রাখবে।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘জাপান ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। উন্নয়ন সহযোগী হিসেবে দেশ বাংলাদেশ জাপানের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। এখানে আবহাওয়া স্টেশন প্রতিষ্ঠার ফলে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি পাবে। এতে বিভাগের জলবায়ু নিয়ে গবেষণার ক্ষমতা বাড়বে।’

এসময়, উপাচার্য ভবিষ্যতে দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।

ভবিষ্যতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সঙ্গে কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণা কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এডুকেশনের অধ্যাপক তরু তেরাও।

আবহাওয়া স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক সাখাওয়াত হোসেন ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights