ভবনে পবিপ্রবির আন্দোলনকারীদের তালা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একাডেমিক ভবনে হঠাৎ তালা দেওয়া হয়। এতে বন্ধ হয়ে যায় পরীক্ষার্থীসহ একাডেমিক কার্যক্রম। রবিবার দুপুর ১টা ৪০ মিনিটে পবিপ্রবির একাডেমিক ভবনের কৃষি অনুষদ, ফিশারিজ অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ সংলগ্ন ফটকে তালা দেওয়া হয়।

জানা যায়, গত ৬ই আগস্ট ১৩ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর বরাবরে স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপি প্রদানের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়, দফাগুলো বিবেচনা পূর্বক পাঁচ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। তবে ১৭ দিন অতিবাহিত হলেও কোনো সিদ্ধান্ত জানানো হয় নাই। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। একাডেমিক ভবনের বাইরে পরীক্ষা উপকরণ নিয়ে অবস্থান করতে দেখা যায় পরীক্ষার্থীদের। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তালা ভেঙে পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়।

এ সময় পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি আদায়ে তাদের পাশে থাকবেন বলে শান্ত করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, একাডেমিক ভবনে তালা দেওয়ার কথা শুনে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং কর্মচারীদের দ্বারা তালা কেটে দেই। তবে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাস্তির আওতায় আনা হবে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে যারা পরীক্ষা কার্যক্রমে বাধা প্রদান করে তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights