সরাসরি সম্প্রচার করা হবে ট্রাম্পের মামলার বিচারিক কার্যক্রম

অনলাইন ডেস্ক
জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে করা মামলার বিচারিক কার্যক্রম টেলিভিশন ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালে জর্জিয়ার একটি আদালতের বিচারক স্কট ম্যাকাফে এমন নির্দেশনা দেন।

স্কট ম্যাকাফে বলেন, ‘অঙ্গরাজ্যের ফুলটন কাউন্টি প্রশাসনের একটি ইউটিউব চ্যানেলে আমরা বড় বড় মামলার শুনানি সরাসরি সম্প্রচার করে আসছি। এই মামলার ক্ষেত্রেও একই কাজ করার পরিকল্পনা ছিল আমাদের।’

২০২০ সালে জর্জিয়ায় নির্বাচনের ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে। ট্রাম্পসহ তাদের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহে এ মামলায় ট্রাম্পকে গ্রেফতার করা হয়। সেখানে ২০ মিনিট গ্রেফতার ছিলেন তিনি। এরপর ২ লাখ ডলার মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।
জর্জিয়ায় নির্বাচনে হস্তক্ষেপের মামলায় বৃহস্পতিবার আদালতে ট্রাম্পের পক্ষ থেকে নথিপত্র পেশ করা হয়। সেখানে সাবেক প্রেসিডেন্ট বলেন, তিনি এই অভিযোগগুলোর ধরন এবং আদালতে হাজিরা দেওয়া নিয়ে তার অধিকার সম্পর্কে ‘ভালোভাবে জানেন’।

আগামী বছর (২০২৪ সাল) যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এরই মধ্যে একের পর এক অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে। তবে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ট্রাম্প। সূত্র: গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights