রিমান্ডের কথা শুনে হাতকড়া নিয়ে পালালেন আসামি

হবিগঞ্জ প্রতিনিধি
হাতকড়াসহ হবিগঞ্জ আদালত থেকে রাজু মিয়া (৪০) নামে এক মাদক মামলার আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালত থেকে তিনি পালিয়ে যান।

বিষয়টি আদালত পাড়ায় লোকমুখে জানাজানি হওয়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা। আসামি রাজু মিয়া জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের চান মিয়ার পুত্র। তিনি একটি মাদক মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

ওই আদালতের পেশকার রামেন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু মিয়া মাধবপুর থানার একটি মাদক মামলায় গ্রেফতার হন। বৃহস্পতিবার তার রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতে রিমান্ড শুনানির আগেই তিনি পালিয়ে গেছেন। পরে বিষয়টি জানাজানি হওয়ার পরপরই আদালত পাড়ায় শুরু হয় হৈচৈ।
এদিকে বিষয়টি সম্পর্কে জানতে হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হককে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights