নাটোর-৪ আসনের উপনির্বাচন ১১ অক্টোবর

অনলাইন ডেস্ক

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শূন্য হওয়া নাটোর-৪ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ২৩তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, ২৩তম কমিশন সভায় নাটোর-৪ আসনের উপনির্বাচনের তফসিল দেওয়া হয়েছে। তফসিল অনুযায়ী আগামী মাসের ১১ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না।
এর আগে গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সাত্তারের সই করা গেজেটে বলা হয়, জাতীয় সংসদের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস গত ৩০ আগস্ট মৃত্যুবরণ করায় নাটোর-৪ আসনটি শূন্য হয়েছে।

তফসিল ঘোষণা করে ইসি সচিব বলেন, নাটোর-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ১১ অক্টোবর ভোটগ্রহণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights