চট্টগ্রামে ২৩ বছর আগের হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

নগরীর বন্দর থানার নয়াহাট এলাকায় ২০০০ সালের অক্টোবরে আবু বক্কর বাচ্চু নামে একজনকে গুলি করে হত্যা মামলায় নাসির উদ্দীন প্রকাশ রফিক নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে খালাস দেওয়া হয়েছে খোরশেদ আলম ও মামুন নামের দুইজনকে।

সোমবার চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রফিক লোহাগাড়া থানার উত্তর আমিরাদ এলাকার আবু আহম্মদ রাজা মিয়ার ছেলে।

চট্টগ্রাম জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম বলেন, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় হত্যা মামলায় আসামি নাসির উদ্দীন প্রকাশ রফিককে যাবজ্জীন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, ২০০০ সালের ১৩ অক্টোবর নয়ার হাট নেভী হল রোডে আব্দুল কুদ্দুসের দোকানের সামনে আবু বক্কর বাচ্চুকে পূর্ব শত্রুতার জেরে বিয়ার খাওয়ানোর কথা বলে কাটা রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০০১ সালের ১০ মে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights