চট্টগ্রামে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৪৪ নেতাকর্মীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় ২০১৮ সালের ১৪ অক্টোবর ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ৪৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ অক্টোবর নগরের বায়েজীদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা করে পুলিশ বিএনপি জামায়াতের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে। তদন্ত শেষে পুলিশ ৪৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী বলেন, নগরের বায়েজীদ বোস্তামী থানার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় ৪৪ আসামির চার্জ গঠনের দিন ধার্য ছিল। আদালতে শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করা হয়। আদালত উভয়পক্ষের শুনানি শেষে দুই মামলায় আসামি একই ৪৪ জন বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights