নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে থাকছেন না হাথুরু

অনলাইন ডেস্ক

ভারতের মাটিতে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ত্রয়োদশ আসর। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। যদিও এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম সারির ক্রিকেটারদের। প্রথম দুই ওয়ানডেতে দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

স্ত্রীর অস্ত্রোপচারের সময় তার পাশে থাকতে কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তার না থাকার বিষয়টি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। মঙ্গলবার তিনি জানান, হাথুরুর অবর্তমানে দলের হেড কোচের ভূমিকা পালন করবেন সহকারী কোচ নিক পোথাস।

তৃতীয় ও শেষ ওয়ানডের আগে আগামী ২৬ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন হাথুরু। এশিয়া কাপ শেষে কলম্বো থেকে অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসে গেছেন হাথুরু। আগামী কয়েকদিন পরিবারের সঙ্গে সেখানেই থাকবেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, নেতৃত্ব দেবেন লিটন দাস।
আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো। এ সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড দল, তারাও দ্বিতীয় সারির দল নিয়েই এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights