শক্তিশালী ভূমিকম্পে এক মিনিটেরও বেশি সময় ধরে কাঁপল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সকাল ৯টা ১৪ মিনিটে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি দেশটির দক্ষিণ দ্বীপের মধ্যাঞ্চলে আঘাত হানে।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সুদূর ক্রাইস্টচার্চ এবং উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার দূরের ডানেডিনের এটির কম্পন অনুভব করেন কয়েক হাজার মানুষ। তারা জানিয়েছেন, ভূমিকম্পে এক মিনিটেরও বেশি সময় ধরে সবকিছু কেঁপেছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন লেক অঞ্চলে, যা ক্রাইস্টচার্চ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক খামারি লিখেছেন, “এটা ছোট কম্পন ছিল না।”

রাজনৈতিক দল গ্রিনের সদস্য ও সাবেক এমপি মোজো ম্যাথার্স বলেছেন, “এটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে পিল বন খুব কাছে। পুরো বাড়ি কেঁপেছে। রান্নাঘরের ক্যাবিনেটের দরজা খুলে দুলছিল। ক্রাইস্টচার্চ ভূমিকম্পের কথা মনে করিয়ে দিয়েছে।”

তবে রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১১ সালে ক্রাইস্টচার্চে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পই আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে ১৮৫ জন নিহত হওয়ার পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড, স্টাফ, ডেইলি মেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights