কুড়িগ্রামে নিখোঁজ দুই স্কুলছাত্র গাজীপুর থেকে উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে নিখোঁজ হয়ে যাওয়া দুই স্কুল ছাত্রকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে নিখোঁজের দুদিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ওই দুই স্কুল ছাত্রের চাচা আক্তার আলী।

এর আগে গত বৃহস্পতিবার ভূরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী বরকতিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আইয়ুব আলী (১৩) ও ষষ্ঠ শ্রেণির ছাত্র নিরব (১১) বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। এরা দুজন একে অপরের চাচাতো জেঠাতো ভাই এবং আন্ধারীঝাড়ের বারইটারী গ্রামের বাসিন্দা। পরে অনেক খোঁজা খুজির পর তাদের খুঁজে না পেয়ে শুক্রবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে ভূরুঙ্গামারী থানায় নিখোঁজ হিসেবে একটি সাধারণ ডায়েরি(জিডি)করা হয়।
আইয়ুব আলীর চাচা মাইদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় জিডি করার পর রাতে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে গাজীপুরের কালিয়াকৈর থেকে নিখোঁজ ছেলে দুটিকে উদ্ধারের বিষয়ে জানানো হয়। বর্তমান ছেলে দুটি গাজীপুরের কোনা বাড়িতে তাদের চাচা মোকছেদুলের বাড়িতে রয়েছে বলে নিশ্চিত করে। শনিবার সকালে নিখোঁজ ওই ছেলে দুটিকে ফেরত আনার জন্য আইয়ুব আলীর ফুফা গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা হন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ব্যাপারে থানায় নিখোঁজের বিষয়ে একটি জিডি এন্ট্রি করা হয়েছে। পরে ছেলে দুটি পাওয়ার খবর পেয়েছি। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলেই নিখোঁজ হবার প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights