মোরেলগঞ্জ ফেরিতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের সাইনবের্ড- শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ফেরিতে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত টোলআদায় বন্ধ ও সরকার নির্ধারিত টোল আদায়ের দাবিতে বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরে একাধিক বার আবেদন করেও ভুক্তভোগীরা প্রতিকার পাচ্ছেনা না বলে অভিযোগ উঠেছে।

বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি অভিযোগ করেছে, মোরেলগঞ্জ ফেরি পারাপারের জন্য একটি পরিবহনের সরকারি নির্ধারিত ভাড়া ৯০ টাকা। কিন্তু টোল আদায়কারীরা সড়ক বিভাগের সাথে যোগসাযোসে একটি পরিবহনের জন্য ৪০০ টাকা আদায় করছে। গণফেরিতে পারাপার করে রিজার্ভ ফেরিতে পারাপারের রশীদ দেওয়া হচ্ছে। বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি ও ওয়েলকাম এক্সপ্রেস নামের একটি পরিবহন প্রতিষ্ঠানের ম্যানেজার বাগেরহাটের জেলা প্রশাসক বরাবরে এবিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

ওয়েলকাম এক্সপ্রেসের ম্যানেজার আ. রাজ্জাক মোল্লা জানান, মোরেলগঞ্জ ফেরিঘাটের অতিরিক্ত টোল আদায় করা অন্যায়। বিষয়টি আদায়কারীদের বললে তারা ক্ষিপ্ত আচরণ করছে। আমরা এই অন্যায় থেকে মুক্তি চাই। ফেরিঘাটে সরকার নির্ধারিত টোলের চার্ট টানিয়ে দেওয়ার অনুরোধ জানান এই পরিবহন ব্যবস্থাপক।
বি,এম পরিবহনের গাড়ীর ড্রাইভার জয়নাল জানান, মোরেলগঞ্জ ফেরী ঘাটে অতিরিক্ত টোল নতুন কিছু না। প্রতিবাদ করলে হেনস্থার শিকার হতে হয়। তাই বাধ্য হয়েই ৯০ টাকার টোল ৪০০ টাকা দিতে হচ্ছে।
বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি জানান, কয়েক বছর ধরেই মোরেলগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। বিষয়টি আমার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিলেও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। জেলা প্রশাসক সড়ক বিভাগকে ফেরি ভাড়া আদায়ের মূল তালিকা টানাতে নির্দেশ দেয়। কিন্তু এ বিষয়ে সড়ক বিভাগ ও ফেরি ঘাটের ইজারাদার কোন কর্ণপাত করেনি।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন অতিরিক্ত আদায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাগেরহাটের মোরেলগঞ্জসহ বিভিন্ন ফেরিঘাট ও সেতুর ইজারাদারদের সরকার নির্ধারিত টোল আদায়ের জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। ইজারাদারদের দেওয়া চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও দেওয়া হয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে নতুন করে আবার অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights