দুমকিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ৮

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তার নিয়ে কলেজ ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮জন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, চলতি সেশনে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ছাত্রদল নেতাকর্মীরা শ্লোগান দিচ্ছিলো। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও পাল্টা শ্লোগান শুরু করলে দু’গ্রপের হাতাহাতি সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে উভয় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা যোগ দিলে দু’গ্রুপে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়।

এতে ছাত্রলীগের খায়ের, আবু সুফিয়ান সুধা ও ছাত্রদলের আহ্বায়ক গোলাম সরোয়ার, জাহাঙ্গীর হোসেনসহ অন্তত ৮ নেতা-কর্মী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় হামলা সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেনকে আটক করেছে। এ হামলা সহিংসতার জন্য ছাত্রলীগ ও ছাত্রদল পরস্পরকে দোষারোপ করছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights