চট্টগ্রামে এক টন নষ্ট চা জব্দ ;ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে এক টন নষ্ট চা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
অভিযানে আদালতের নির্দেশে ১৩টি ব্র্যান্ডের নকল চা’র বিপুল পরিমাণ খালি প্যাকেট জব্দ করা হয়।
রুহুল আমীন জানান, কিছু অসাধু ব্যবসায়ী অনুমোদনহীন নকল ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ পচা চা’র ব্যবসা করছে। এতে ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। চা ব্যবসার এসব অনিয়ম ও প্রতারণা বন্ধে এই অভিযান পরিচালিত হয়েছে।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি চা বোর্ডের ব্লেন্ডার লাইসেন্স এবং বিএসটিআই’র লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে নামে-বেনামে নকল ব্র্যান্ডের চা বাজারজাত করে আসছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
