বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্ক যাচ্ছে ইরান

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে আগামীকাল সোমবার তুরস্কে যাচ্ছে ইরান ফুটবল দল। সেখানে তারা অনুশীলন ক্যাম্প করবে, প্রীতি ম্যাচ খেলবে এবং বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসাসংক্রান্ত আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবে।

তুরস্কের আন্তালিয়ায় ৩০ সদস্যের দল নিয়ে ক্যাম্প করবে ইরান। সেখান থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে।

স্কোয়াডে আছেন ইরানের সবচেয়ে পরিচিত মুখদের একজন, ৩৩ বছর বয়সী স্ট্রাইকার মেহদি তারেমি। পর্তুগিজ ক্লাব পোর্তোর সাবেক তারকা বর্তমানে খেলছেন গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে।ইরানের কোচ আমির ঘালেনি বলেছেন, চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্পের জন্য ৩০ জন বাছাই করা তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। ইরান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে তিনি জানান, শুধু ‘টেকনিক্যাল’ বিবেচনায় দল নির্বাচন করা হয়েছে।

আন্তালিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় ইরান। এর মধ্যে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে আফ্রিকার দল গাম্বিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে আগামী ২৯ মে।

১৯৮০ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তপ্তই রয়েছে। সেই কারণে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে ইরানি ফুটবলারদের।

এখনও কোনো খেলোয়াড়ের ভিসা ইস্যু হয়নি বলে জানিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। তার ভাষ্য, ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের আঙুলের ছাপ দিতে হবে তুরস্কেই। তবে আন্তালিয়া থেকে ৪৫০ কিলোমিটারের বেশি দূরের রাজধানী আঙ্কারায় যেতে চায় না দল।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে নিশ্চয়তা পেতে ফিফার সঙ্গে যোগাযোগও বাড়িয়েছে ইরান। শনিবার তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম এথেম ও ফিফা মহাসচিব মাতিয়াস গ্র্যাফস্ট্রোমের সঙ্গে বৈঠক করেছে ইরানি প্রতিনিধিদল।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর অ্যারিজোনার টাকসনে বেস ক্যাম্প করবে ইরান। ‘গ্রুপ জি’তে তাদের প্রথম ম্যাচ ১৫ জুন, লস অ্যাঞ্জেলেসে নিউ জিল্যান্ডের বিপক্ষে। এরপর একই শহরে খেলবে বেলজিয়ামের সঙ্গে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে তাদের প্রতিপক্ষ মিশর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights