অগ্নিসন্ত্রাস নিয়ে আওয়ামী লীগ-বিএনপির দোষারোপ তামাশা : এবি পার্টি

অগ্নিসন্ত্রাস নিয়ে আওয়ামী লীগ-বিএনপির পরস্পর দোষারোপ জাতির সাথে তামাশা বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি’ নেতৃবৃন্দ।

এবি পার্টির মাসব্যাপী গণ-ইফতার কার্যক্রমের ২৬তম দিনে (সমাপনী) মঙ্গলবার ঢাকার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবিতে গণ-জমায়েত বক্তারা এ কথা বলেন।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, এবি পার্টির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, যুব পার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট এনামুল হক শিকদার, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক প্রমুখ।

আব্দুল ওহাব মিনার বলেন, গত কয়েকদিনের অগ্নিকাণ্ডে হাজারো মানুষের স্বপ্ন ধুলিস্মাৎ হয়ে গেছে। রাষ্ট্র ব্যবস্থা দুর্বল বলে মানুষ কোন কিছুতেই আস্থা পাচ্ছে না। ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঈদ আনন্দের পরিবর্তে বোবা কান্না আর হাহাকার।

মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশে কোন বিপর্যয় ঘটলেই সরকার দায় এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানোর অপচেষ্টা করে। এটা জঘন্য অপরাধ। প্রচণ্ড গরমে সরকার দেশে লোডশেডিং বিভীষিকা, দ্রব্যমূল্যের অসহনীয় বোঝা ও যানজটের মানসিক নির্যাতন চালিয়ে জাতিকে বিপর্যস্ত করে তুলেছে। অগ্নিসন্ত্রাস নিয়ে আওয়ামী লীগ-বিএনপির পরস্পর দোষারোপ জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। তিনি অবিলম্বে ব্যর্থ সরকারের পদত্যাগ এবং ঈদের আগেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights