অনলাইন প্রতারণা : ৬১ ব্যক্তির ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
বাসস
অনলাইন গেমিং, সাইবার স্পেসে জুয়া এবং দেশি ও বিদেশি মুদ্রা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬১ জন ব্যক্তির ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
সোমবার (৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলা তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, সিটি ব্যাংক পিএলসি’র সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারিত হয়ে ৫টি হিসাবে মোট প্রায় ৫১ লাখ টাকা নগদ জমা প্রদান করেন মর্মে অভিযোগ পাওয়া যায়। এতদসংশ্লিষ্ট অর্থের সঙ্গে জড়িত এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার ও তদসংশ্লিষ্ট ৬১ জন ব্যক্তিবর্গ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংক সমূহে পরিচালিত মোট ৫৯৫টি হিসাবে মোট প্রায় ১২১২ কোটি টাকা জমা এবং ১২০৭ কোটি টাকা উত্তোলন করার নজির পরিলক্ষিত হয়।
লেনদেন পর্যালোচনায় সিআইডি দেখেছে, এই বিপুল পরিমাণ অর্থের লেনদেন মূলত অনলাইন প্রতারণা, অনলাইন গেমিং বা বেটিং, হুন্ডি, ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি ক্রয়-বিক্রয় এবং শুল্ক ফাঁকির মতো অপরাধের সাথে সরাসরি যুক্ত। পুলিশ তাদের আবেদনে উল্লেখ করেছেন, অপরাধলব্ধ আয় যেন অন্য জায়গায় সরিয়ে ফেলা না যায়, সেই কারণে প্রাথমিক পর্যায়ে ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা অত্যন্ত জরুরি।
