অনশন ভাঙার পর সোনাম ওয়াংচুককে যে বার্তা দিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
অবশেষে ২৬ দিন পর অনশন ভঙ্গ করেছেন ভারতের বিখ্যাত জলবায়ু আন্দোলনকারী সোনাম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সরকারের আশ্বাসের পর গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে তিনি তার অনশন শেষ করেন।

ওয়াংচুক অনশন ভাঙার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেন। সেখানে তিনি ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ মেনে দৈনন্দিন জীবনযাপন করা এবং দ্রুত পূর্বের স্বাস্থ্যে ফিরে আসার আহ্বান জানান।

বিগত ২৮ জুন থেকে অনশনে থাকা ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং, লেহ-লাদাখের শীর্ষ নেতৃত্বের প্রতিনিধি এবং তার পরিবারের উপস্থিতিতে অনশন ভাঙেন। অনশন ভাঙার মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় দুই কেন্দ্রীয় মন্ত্রী নিজ হাতে ওয়াংচুককে এক চুমুক পানীয় খাইয়ে দিচ্ছেন। এ সময় ওয়াংচুক উভয় মন্ত্রীর হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সব সময় পাশে থাকার জন্য তার স্ত্রী গীতাঞ্জলির প্রতি ভালোবাসা জানান।

এ সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সরকারের পক্ষ থেকে স্পষ্ট আশ্বাস দিয়ে জানান, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হবে না এবং সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও শিক্ষা সংস্কার নিয়ে সরকার অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে।

অন্যদিকে, এই ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে কাকরোজ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ওয়াংচুকের ত্যাগের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

ইতিমধ্যে প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে সাধারণ মানুষের ক্ষোভের মুখে নরেন্দ্র মোদিও কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, অপরাধীদের ইতিমধ্যে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে দ্রুত বিচারের লক্ষ্যে দ্রুত বিচার আদালত গঠনের জন্য সংসদে বিল আনা হবে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights