অনার্সে কোর্স কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী

অনার্সে বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয় বাদ পড়ার খবর ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমার জানামতে, এরকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি। আমার জ্ঞাতসারে নেই। আমি জানি না এই নিউজ কোথা থেকে আসল।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দেশের উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিক্ষা কাঠামোতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ৬ বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হচ্ছে। একই ধরনের খবর আরও কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, অনার্স কোর্স কমিয়ে আনা বা কোনো বিষয়ে অনার্স কোর্স বন্ধ করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই।

তিনি বলেন, আমরা কারিগরিকে ইম্পোর্টেন্স দিচ্ছি। আমরা আধুনিক করছি। আমরা মোর সাবজেক্ট যেগুলি মার্কেট ডিমান্ড রয়েছে, সেগুলিকে আমরা দেখছি; সেতো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে— এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি।

এহছানুল হক মিলন বলেন, মার্কেট ডিমান্ড অনুযায়ীতো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রতিটি বিশ্ববিদ্যালয় আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রতিটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। বাট বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে… এমন কথা কোথাও হয়নি।

এদিকে, এদিন দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights