অনির্দিষ্টকালের জন্য বন্ধ জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে গাজীপুরস্থ জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ। প্রতিবাদে শিক্ষার্থীরা ওই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ ৬ দফা দাবিতে শুক্রবার দিনভর অবস্থান, বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকাস্থ জার্মান ইউনিভাসিটি বাংলাদেশ-এর শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ, স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থানান্তর, পর্যাপ্ত ল্যাবরেটরী এবং ওয়েবসাইট ও ই-সেবা পোর্টাল সুবিধার ব্যবস্থা করণসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিল। এসব দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও প্রদান করে তারা। এসব দাবি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার জন্য শুক্রবার (১৬ মে) তারিখ নির্ধারণ করে ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। কিন্তু বৃহষ্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে একটি নোটিশ গেইটে টানিয়ে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মোস্তফা কামাল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মে (বৃহষ্পতিবার) অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরী সভায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ১৬ মে হতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

শুক্রবার সকালে শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত আলোচনায় অংশ নিতে এসে ওই নোটিশ ও তালাবদ্ধ গেইট দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা এসময় ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিকেল পর্যন্ত তারা বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি শীঘ্রই ঘোষণার কথা বলে শুক্রবারের কর্মসূচি স্থগিত করে ক্যাম্পাস এলাকা ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights