অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

অনলাইন ডেস্ক

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও জোরদার করেছে ইরান। ওয়াশিংটন তাদের ‘অপরাধের’ জন্য অনুশোচনা প্রকাশ না করা পর্যন্ত এ সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি এ হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর আল-জাজিরার।

জুলফাকারি দাবি করেন, ইরানি বাহিনীর পালটা হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবকাঠামো ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব হামলায় উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন সেনা ও শীর্ষস্থানীয় কমান্ডার নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

ইরানের এই সামরিক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের ‘আক্রমণাত্মক সামরিক অভিযান’ অব্যাহত থাকবে, যতক্ষণ না ওয়াশিংটন নিজেদের সংঘটিত অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ করে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জুলফাকারি বলেন, হামলা বন্ধ না করা হলে ভবিষ্যতে ইরানের পক্ষ থেকে আরও ভারি, ব্যাপক ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশ মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করছে, তাদেরও এ ধরনের সহযোগিতার জন্য ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights