‘অন্তর্ভুক্তিমূলক সমাজের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, অন্তর্ভুক্তিমূলক সমাজের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে একজন কুলি পর্যন্ত সকলের অংশগ্রহণ ছিলো। এর থেকে অন্তর্ভূক্তিমূলক ঘটনা আর হয় না। একই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে আত্মত্যাগ, বীরত্ব ও অর্জনের সবচেয়ে বড় উদাহরণ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আয়োজিত ‘মুক্তিযুদ্ধের দর্শন: অন্তর্ভূক্তিমূলক সমাজ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে ড. মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, এ দেশকে স্বাধীন করার জন্য যারা অকাতরে রক্ত ঝড়িয়েছেন তাদের রক্তের ঋণ কোনদিনও শোধ করা সম্ভব নয়। তবুও সে চেষ্টা আমাদের করতে হবে। দেশের জন্য আবেগ কাজ করতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জের উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার। স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের চেয়ারম্যান শাহানাজ পারভীন রিমি।

সেমিনারে জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী ও সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights