“অন্ধকারের গান “
হাসিনা মরিয়ম
আমি ও আমার পৃথিবী-
তোমার মাঝেই সমর্পিত
এ যেন দেবতার বেদীতে পূজোর অর্ঘ্য…
আর তোমার পৃথিবী-
সে কোথায় কোন সূদুরে…
তোমার পৃথিবীতে প্রবেশের কোন অনূমতি নেই আমার,
আমি আছি তোমার পৃথিবীর আড়ালে-
তোমার জগতে,
তোমার ব্যস্ততায় যখন-
ক্লান্ত অবসন্ন তুমি-
তখন ফিরে আসো আমার উত্তপ্ত বুকের মাঝে…
আমি যেন সঞ্চিবনী সুধা,
তোমাকে আকন্ঠ পান করাব
সরাব মদির নির্যাস,
এতে তোমার ক্লান্তি দূর হবে-
তুমি আবার ফিরে যাবে তোমার পৃথিবীতে-
আবার সেই ব্যস্ততা- সকাল,দুপুর,রাত্রি..
আবার ক্লান্তি-
অবসন্নতা-
তারপর আমি-
আমি যেন তোমার সজিবতার নিয়ামক-
তারপর আবার চলে যাওয়া-
যাওয়া আর আসার মাঝে
আমি কোথায়…
তবে কি আমি মৃত্তিকার ফাটল থেকে বেরিয়ে আসা বুনোফুল…?
নাকি-
সবুজ ধানের ক্ষেতের এক মুঠো হিমেল হাওয়া-
নদীর পাড় ভাঙ্গার মতো,
আমি আমার মাঝে ভাঙ্গনের শব্দ শুনি,
হয়তো একদিন তুমি হাত বাড়াবে আমার দিকে-
হয়তো আলিঙ্গনের জন্য
দুহাত প্রসারিত করবে,
তোমার উষ্ণ ঠোঁট তিরতির করে বলতে চাইবে
না বলা কথা-
হয়তো সেদিন অনেক দেরী হয়ে যাবে…
আমার কাছে ফিরে আসার সকল পথ
তোমার বন্ধ হয়ে যাবে…
তারপর ও তোমাকে মিনতি আমার-
আমার বুকের উপর তোমার হাতের
আলতো পরশ বুলিয়ে দিও-
যদি কখনও নিঃশ্বাস রুদ্ধ হইয়ে আসে..
