অর্জুনকে নিয়ে প্রশ্নের মুখে ফের বিচ্ছেদের জল্পনা উসকে দিলেন মালাইকা

অনলাইন ডেস্ক

সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন মালাইকা আরোরার প্রাক্তন স্বামী আরবাজ খান। মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে মাত্র ৯ মাসের প্রেমেই বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেতা-প্রযোজক। অন্যদিকে ২০১৭ সাল থেকেই অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা আরোরা। তবে এখনও বিয়ের সিদ্ধান্ত নেননি তিনি। কিছু মাস আগেই শোনা গিয়েছিল, তাদের মধ্যে বেড়েছে দূরত্ব। বিচ্ছেদের পথে এই তারকা জুটি। সেই সেসময় জল্পনায় তারা জল ঢেলে দিলেও, সম্প্রতি মালাইকার কথায় ফের পাওয়া গেল বিচ্ছেদের আভাস।

জনপ্রিয় রিয়ালিটি শো ঝলক দিখলা যা-এ বিচারকের আসনে রয়েছেন মালাইকা আরোরা। সেখানেই একটি কথোপকথনে মালাইকার কথা শুনে মনে হয়, এখন তিনি সিঙ্গল। এই শোয়ের প্রোমোতে দেখা যায় ফারহা খান মালাইকাকে জিজ্ঞেস করছেন, সামনেই নতুন বছর। সেই বছরে তিনি কি একা অভিভাবক থেকে যুগ্ম অভিভাবক হবেন? সেই কথার উত্তরে প্রথমে মজা করে মালাইকা বলেন, তাহলে আবার কাউকে কোলে নিতে হবে? এই কথার অর্থ কী?

ফারহা তার প্রশ্ন এবার রাখেন সোজাসুজি। তিনি জিজ্ঞেস করেন, মালাইকা কি আগামী বছরে আবার বিয়ে করবেন? উত্তরে মালাইকা বলেন, যদি কেউ থাকে তাহলে তিনি বিয়ে করবেন। অবাক হয়ে ফারহা বলেন, যদি কেউ থাকে শব্দের মানে কী? মালাইকা তখন পরিষ্কার করে বলেন, যদি কেউ থাকে মানে যদি তাকে বিয়ের প্রস্তাব দেন তাহলে তিনি রাজি হয়ে যাবেন। এরপর মজা করেই ফারহা জিজ্ঞেস করেন যেকোনও কাউকেই বিয়ে করে নেবেন মালাইকা? মালাইকা সহমত দেন। এরপরেই হাসতে হাসতে আরশাদ ওয়ারসি বলেন, এই পদ্ধতি খুবই খারাপ।
এই প্রোমোতে সবাই মজা করলেও মালাইকা বেশ গম্ভীরভাবেই বিয়ের কথা বলেন। সেখান থেকেই নেটপাড়ায় শুরু গুঞ্জন। তাহলে কি সত্যিই অর্জুনের সঙ্গে ব্রেক আপ হয়ে গেছে মালাইকার? আপাতত মালাইকার কথাতেই তা স্পষ্ট। উল্লেখ্য, খান পরিবারে অর্জুন কাপুরকে নিজে ঢুকিয়েছিলেন সালমান খান। কারণ একটাই, বনি কাপুর তার ভীষণ ভাল বন্ধু ছিলেন। পাশাপাশি অর্জুন কাপুর সালমান খানের বোন অর্পিতা খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। সে সূত্রেই বাড়িতে আসা। আর সেখানেই প্রথম মালাইকার সঙ্গে আলাপ, কাছাকাছি আসা। তবে সম্পর্কের কথা অনেক পরে স্বীকার করেছিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights